ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশীর রডের আঘাতে জাহাঙ্গীর মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) সন্ধ্যায় সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর মিয়া ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী শাহআলমের স্ত্রী মায়মুনা ও একই গ্রামের হেলাল মিয়ার স্ত্রী নার্গিছের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান জাহাঙ্গীর মিয়া।
অভিযোগ রয়েছে, ঝগড়া থামানোর সময় তাকে লোহার রড দিয়ে আঘাত করা হয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :