• ঢাকা
  • সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতি চান রাষ্ট্রপতি


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৬, ০১:১৪ পিএম
প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতি চান রাষ্ট্রপতি

দেশের রাজনীতি থেকে সংঘাত ও প্রতিশোধের চর্চা বাদ দিয়ে গণতন্ত্র, সহনশীলতা ও সমঝোতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের হানাহানি ও সংঘর্ষের রাজনীতি থেকে বেরিয়ে এসে আলোচনার মাধ্যমে জাতীয় সমস্যা সমাধানের সংস্কৃতি গড়ে তুলতে হবে। প্রতিশোধের রাজনীতি আর দেখতে চান না বলেও মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে রাজনৈতিক বিভাজন কমিয়ে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রপতি।

সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের স্থানে বেলা ১১টা ২০ মিনিটে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টি চালু হলে ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে। পাশাপাশি নতুন কর্মসংস্থান ও স্থানীয়ভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ তৈরি হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বজায় রাখতে উপাচার্যের ভূমিকার ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তিনি আশা প্রকাশ করেন, উপাচার্য নিজ এলাকার প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়টির উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন।

রাষ্ট্রপতি স্থানীয় বাসিন্দাদের বিশ্ববিদ্যালয়টিকে নিজেদের সম্পদ হিসেবে রক্ষা করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের প্রত্যাশার ভিত্তিতেই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হচ্ছে; তাই এর উন্নয়ন ও সুরক্ষায় স্থানীয়দেরও সক্রিয় ভূমিকা থাকা প্রয়োজন।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটি তার প্রথম সরকারি সফর। দুই দিনের সফরের দ্বিতীয় দিনে তিনি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ে পৌঁছে মা-বাবার কবর জিয়ারত করেন তিনি। সফরকে কেন্দ্র করে শহর ও গুরুত্বপূর্ণ এলাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।


Side banner
Link copied!