• ঢাকা
  • রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়কে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ১১:৫৮ এএম
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়কে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের আন্দোলন উত্তপ্ত হয়ে উঠেছে। টানা দ্বিতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়ক ও আশপাশের এলাকায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় শ্রমিকেরা মহাসড়কে জড়ো হয়ে অবরোধ শুরু করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন। দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিলেও পরে বেতন বৃদ্ধির দাবিতে কারখানা থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনকারীর সংখ্যা বাড়তে থাকে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার খবর পাওয়া যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী বিজিবির সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন।

শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে। দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকায় সড়কের ফাঁকা অংশে আন্দোলনরত শ্রমিকদের কেউ ফুটবল, আবার কেউ ক্রিকেট খেলতে দেখা যায়। এদিকে শ্রমিক অসন্তোষের কারণে সফিপুর ও আশপাশের এলাকার ১৮টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এর আগে শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত একই দাবিতে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। রাতে তাঁরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে রোববার সকালে আবারও অবরোধ শুরু হওয়ায় পরিস্থিতির অবনতি ঘটে।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। গত কয়েক সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক ও সফিপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ চলে আসছে। শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে সরকার নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিলেও আন্দোলন অব্যাহত রয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, রোববার সকাল থেকেই শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়েছেন। তাঁদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।


Side banner
Link copied!