• ঢাকা
  • শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা, চলছে গণনা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ১১:৪৯ এএম
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা, চলছে গণনা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলো খুলে এবার রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। চার মাস ২৪ দিন পর আজ শনিবার (২১ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে মসজিদের ১৫টি দানবাক্স খুলে এসব অর্থ সংগ্রহ করা হয়। বর্তমানে মসজিদের দ্বিতীয় তলায় বিপুল পরিমাণ এই অর্থ গণনার কাজ চলছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, গণনা শেষে এবার দানের অঙ্ক অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

প্রশাসন ও মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, আগে মসজিদটিতে ১৩টি দানবাক্স থাকলেও সম্প্রতি আরও দুটি বাড়িয়ে মোট ১৫টি করা হয়েছে। আজ সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে বাক্সগুলো খোলা হয়। এ সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল হক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম মারুফ উপস্থিত ছিলেন।

টাকা গণনার এই বিশাল কর্মযজ্ঞে অংশ নিয়েছেন পাগলা মসজিদ মাদ্রাসার ১১০ জন এবং আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন শিক্ষার্থী। এছাড়া রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী, মসজিদের ৩৩ জন কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গণনা ও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল হক জানান, বাক্স খোলা থেকে শুরু করে টাকা গণনা এবং নিরাপদে ব্যাংকে পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, দেশ-বিদেশের নানা ধর্ম ও বর্ণের মানুষ মনোবাসনা পূরণের আশায় এখানে দান করেন। ক্রমবর্ধমান মুসল্লিদের স্থান সংকুলান ও নামাজের সুবিধা নিশ্চিত করতে দানের এই অর্থ দিয়েই মসজিদটি সম্প্রসারণের নকশা চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি মসজিদ সংলগ্ন মাদ্রাসার শিক্ষার্থীদের আধুনিক ও কারিগরি শিক্ষায় দক্ষ করে তোলারও পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর আগে সর্বশেষ গত ২৭ জুন মসজিদের ১৩টি দানবাক্স খুলে ৪৩ বস্তা টাকা পাওয়া গিয়েছিল, যার মোট পরিমাণ ছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া গত ১২ অক্টোবর ট্রেজারিতে সংরক্ষিত অলঙ্কার পরিমাপ করে ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ এবং ১ হাজার ৮৮ ভরি রুপা পাওয়া যায়। বর্তমানে মসজিদটির ব্যাংক হিসাবে ১৩১ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা জমা রয়েছে, যার মধ্যে অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রাপ্ত ৩৯ লাখ টাকার বেশি অনুদানও অন্তর্ভুক্ত রয়েছে। জেলা প্রশাসক সোহানা নাসরিন জানিয়েছেন, গণনা শেষ হওয়ার পরপরই মোট দানের পরিমাণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।


Side banner
Link copied!