হবিগঞ্জের মাধবপুর উপজেলার সরকারি মালিকানাধীন তেলিয়াপাড়া চা বাগানে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে বাগান ব্যবস্থাপকের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বাগানের ১৮ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে।
বাগান কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কোম্পানির জলাশয়ে সম্প্রতি মাছের পোনা অবমুক্ত করা হয়। অভিযোগ রয়েছে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একটি সংঘবদ্ধ দল ওই লেকে মাছ ধরতে গেলে ব্যবস্থাপক দেওয়ান বাহা উদ্দিন লিটন বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ৫০-৬০ জনের একটি দল অতর্কিতভাবে ব্যবস্থাপকের ওপর হামলা চালায় এবং তার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে। হামলাকারীরা লাঠি ও লোহার রড ব্যবহার করে গাড়ির সামনের ও পেছনের গ্লাস ভেঙে ফেলে এবং গাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত করে।
বাগানের কয়েকজন শ্রমিক জানান, অভিযুক্তদের অনেকেই বাগানের স্থায়ী কর্মী নন। তারা দীর্ঘদিন ধরে বাগানের বিভিন্ন সম্পদে অনধিকার প্রবেশের চেষ্টা করছিল বলে অভিযোগ করেন শ্রমিকরা।
চা শ্রমিক নেতা হেমন্ত পান ঘটনার নিন্দা জানিয়ে বলেন, বর্তমান ব্যবস্থাপক দায়িত্ব নেওয়ার পর বাগানে শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম জোরদার হয়েছে। এ ধরনের হামলা বাগানের শান্তিপূর্ণ পরিবেশকে ব্যাহত করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
ঘটনার পর শতাধিক নারী-পুরুষ শ্রমিক প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি তোলেন।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মুর্শেদ খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :