• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

নির্বাচনের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৪:০৪ পিএম
নির্বাচনের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছুটির মধ্যে ব্যাংকগুলোকে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। ছুটির সময়ে মোবাইলে আর্থিক সন্দেহজনক লেনদেন হলে থানায় রিপোর্টের নির্দেশ দেয়া হয়েছে।
সূত্রে জানা গেছে, ইউটিলটি বিল পরিশোধ সেবা স্বাভাবিক থাকবে।নির্বাচনী ছুটিতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের একাউন্টে তাৎক্ষণিক অর্থিক লেনদেন বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
 
নির্বাচনে টাকার অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সীমিত করেছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমএফএস ও এনপিএসবি’র আওতাধীন আইবিএফটি’র মাধ্যমে পিটুপি লেনদেনের অপব্যবহার রোধে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত (৯৬ ঘণ্টা) মোবাইল ব্যাংকিংয়ের ব্যক্তি হিসাবের সীমা নির্ধারণ করা হয়েছে।

মোবাইল ব্যাংকিংয়ে (বিকাশ-নগদ-রকেট) কড়াকড়ি

বিকাশ, নগদ, রকেটের মতো এমএফএস সেবার ক্ষেত্রেও একই সময়সীমার জন্য নতুন নিয়ম দেয়া হয়েছে-

লেনদেনের সীমা: ব্যক্তি থেকে ব্যক্তি (P2P) লেনদেনে একবারে সর্বোচ্চ ১,০০০ টাকার বেশি পাঠানো যাবে না।
 
দৈনিক সীমা: দিনে সর্বোচ্চ ১০টি লেনদেনের মাধ্যমে সর্বমোট ১০,০০০ টাকা লেনদেন করা যাবে।

​অপরিবর্তিত সেবা: তবে কেনাকাটার পেমেন্ট (Merchant Payment) এবং বিদ্যুৎ-গ্যাস বিলের (Utility Bill) মতো জরুরি সেবাগুলো আগের নিয়মেই সচল থাকবে।

নির্বাচন উপলক্ষে এমএফএস সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার কর্তৃক নিজস্ব কুইক রেসপন্স সেল গঠন করতে হবে। এসময় সব ধরনের লেনদেন এমএফএস প্রোভাইডার কর্তৃক সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের (ক্লোজ মনিটরিং) আওতায় আনা এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে হবে।

একই সঙ্গে আলোচ্য ৯৬ ঘণ্টায় পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং (আইবিএফটি এর মাধ্যমে লেনদেন) সম্পূর্ণ বন্ধ থাকবে এবং এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলো নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা দেবে।
 
নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা চার দিন ছুটি থাকবে। এরমধ্যে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।


Side banner
Link copied!