• ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

এসএসসি ফল প্রকাশে নতুন সিদ্ধান্ত


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৪:০৮ পিএম
এসএসসি ফল প্রকাশে নতুন সিদ্ধান্ত

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বোর্ডের মতে, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় কারিগরি কাজ আগামী ২৭ বা ২৮ জুলাই নাগাদ শেষ হবে। এরপর সরকারের নির্ধারিত তারিখে ফল প্রকাশ করা হবে।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, ফল প্রস্তুতের ট্যাবুলেশন, যাচাই-বাছাই এবং অন্যান্য কারিগরি কার্যক্রম শেষ করতে আরও কয়েক দিন সময় প্রয়োজন। এসব কাজ সম্পন্ন হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের ফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে প্রশাসনিক ব্যস্ততার কারণে নির্ধারিত সময় অনুযায়ী কাজ শেষ করা সম্ভব হয়নি। এ কারণে ফল প্রকাশে কয়েক দিনের বিলম্ব হচ্ছে।

এর আগে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় সেই পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি।

চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

ফল প্রকাশের দিন পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএস সেবার মাধ্যমে ফল জানতে পারবেন।


Side banner
Link copied!