দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, কিশোর গ্যাং প্রতিরোধ, ইভটিজিং বন্ধ এবং র্যাগ ডের নামে বিশৃঙ্খলা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
একই সঙ্গে রাতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ এবং এসব কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন আগামী ২৬ অক্টোবরের মধ্যে জমা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের এসব নির্দেশনা দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৈরি মাদকবিরোধী প্রামাণ্যচিত্র ও থিম সং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদর্শন করতে হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ইভটিজিং প্রতিরোধ এবং র্যাগ ডের নামে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।
নির্দেশনায় শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী করতে নিয়মিত অভিভাবক সমাবেশ, সভা-সেমিনার এবং প্রচারণাপত্র বিতরণের মাধ্যমে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়গুলোকে তাদের আওতাধীন জেলাগুলোর শিক্ষাপ্রতিষ্ঠানের মোট সংখ্যা, মাদকবিরোধী প্রামাণ্যচিত্র প্রদর্শনের হার, ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠনের তথ্য, অভিভাবক সমাবেশ আয়োজন এবং রাতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে নেওয়া উদ্যোগের অগ্রগতি ছক আকারে প্রস্তুত করতে বলা হয়েছে।
মাউশির নির্দেশনা অনুযায়ী, প্রয়োজনীয় তথ্য সংকলন করে আগামী ২৬ অক্টোবরের মধ্যে ই-মেইলে পাঠাতে হবে সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের।
এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, মাদক ও কিশোর গ্যাংয়ের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্য নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :