চলতি শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পরই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই পৌঁছে দিতে প্রয়োজনীয় প্রস্তুতি জোরদার করছে সরকার। এ লক্ষ্যে আগামী নভেম্বরের মধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৬ জুলাই) সচিবালয়ে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রী বলেন, নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে। ডিসেম্বরের পরীক্ষা শেষ হওয়ার পরপরই বই বিতরণের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, পাঠ্যবই ছাপানোর জন্য দরপত্র প্রক্রিয়া ইতোমধ্যে এগিয়ে চলছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী আগস্টের শুরুতেই ছাপাখানাগুলোর কাছে কার্যাদেশ দেওয়া হবে, যাতে সময়মতো মুদ্রণকাজ শেষ করা সম্ভব হয়।
ছাপাখানার সক্ষমতা ও সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সরকার এ বিষয়ে আগাম প্রস্তুতি গ্রহণ করেছে এবং নির্ধারিত সময়ের মধ্যে বই ছাপানোর বিষয়ে আশাবাদী।
তিনি আরও জানান, নতুন শিক্ষাবর্ষে পাঠ্যক্রমে কিছু পরিমার্জন আনা হচ্ছে। এর অংশ হিসেবে বিভিন্ন শ্রেণিতে চারটি নতুন বই অন্তর্ভুক্ত করা হবে।
ভাষা শিক্ষার জন্য প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ খাতে পর্যাপ্ত জনবল নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হলেও আগামী বছর থেকে ধাপে ধাপে শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
আপনার মতামত লিখুন :