• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

‘পরিকল্পিত রাজনৈতিক আক্রমণ’—বিতর্ক নিয়ে মুখ খুললেন বিজয় থালাপতি


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ১২:১৭ পিএম
‘পরিকল্পিত রাজনৈতিক আক্রমণ’—বিতর্ক নিয়ে মুখ খুললেন বিজয় থালাপতি

দক্ষিণী চলচ্চিত্র তারকা ও রাজনীতিবিদ বিজয় থালাপতিকে ঘিরে চলমান বিতর্ক ও অভিযোগ নিয়ে এবার সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। তিরুনেলভেলিতে এক জনসভায় বক্তব্য দিয়ে তিনি দাবি করেন, এসব ঘটনা পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে ছড়ানো হচ্ছে।

বিজয় বলেন, সাম্প্রতিক বিভিন্ন ঘটনা ও অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। করুরের পদদলন ঘটনাও তার ঘাড়ে চাপানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে সাধারণ মানুষের সমর্থন এখনও তার পাশেই রয়েছে বলে জানান এই তারকা।

তার ভাষায়, প্রতিপক্ষরা রাজনৈতিকভাবে তাকে দুর্বল করতে নতুন নতুন ইস্যু তৈরি করছে। এমনকি তার আসন্ন সিনেমা ‘জন নায়াগান’ নিয়েও বাধা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সেন্সর অনুমোদনে বিলম্বকে তিনি সন্দেহজনক বলে উল্লেখ করেন।

তিনি আরও দাবি করেন, জনগণের সঙ্গে তার যোগাযোগে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর মাধ্যমে তাকে জনসমর্থন থেকে বিচ্ছিন্ন করার একটি পরিকল্পনা চলছে বলে ইঙ্গিত দেন।

ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিজয়। দীর্ঘ দাম্পত্য জীবনের পর তার স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গমের বিবাহবিচ্ছেদের আবেদন এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে ঘিরে গুঞ্জন—এসবকেও তিনি পরিকল্পিতভাবে ছড়ানো অপপ্রচার বলে দাবি করেন।

বিজয়ের মতে, এসব গুজব ছড়ানো হয়েছে আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যে। ২০২৬ সালের তামিলনাড়ু নির্বাচনে তিনি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সব বিতর্কের মাঝেও আত্মবিশ্বাসী এই অভিনেতা-রাজনীতিক বলেন, কোনো শক্তিই তাকে জনগণের কাছ থেকে দূরে সরাতে পারবে না। জনসমর্থনই তার সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন তিনি।


Side banner
Link copied!