• ঢাকা
  • সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

অক্টোবরে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৬, ১০:৫৬ এএম
অক্টোবরে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল

পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিপক্ষে ঢাকায় একটি প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ দেখিয়েছে। আগামী ৬ অক্টোবর ম্যাচটি আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে এখনো ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) কিংবা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।

রোববার (২৩ আগস্ট) ব্রাজিলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা সফরে এসে জাতীয় স্টেডিয়াম ও কিংস অ্যারেনা পরিদর্শন করে। পরে প্রতিনিধিদলের সদস্যরা বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সফরকে সম্ভাব্য প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।

 

আন্তর্জাতিক সূচি অনুযায়ী, ব্রাজিলের ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। এরপর ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ আয়োজনের কথা রয়েছে। সবশেষে ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা সামনে এসেছে।

এই সময়টি ফিফার আন্তর্জাতিক উইন্ডোর মধ্যে পড়ছে। ফলে সূচির দিক থেকে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনের সুযোগ তৈরি হয়েছে।

 

ব্রাজিলের আগ্রহ থাকলেও ম্যাচটি বাস্তবায়নে বাংলাদেশের ব্যস্ত সূচি বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় ফিফার তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য আসিয়ান কাপে বাংলাদেশ অংশ নেবে। সেখানে দলটির অন্তত চারটি ম্যাচ খেলার কথা রয়েছে।

৪ অক্টোবর টুর্নামেন্ট শেষ করে দেশে ফেরার পর মাত্র দুই দিনের ব্যবধানে ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামা খেলোয়াড়দের জন্য কঠিন হতে পারে। শারীরিক ক্লান্তির পাশাপাশি আন্তর্জাতিক উইন্ডোতে একটি জাতীয় দলের ম্যাচসংখ্যার সীমাও বিষয়টিকে জটিল করে তুলতে পারে।

 

ব্রাজিলের মতো তারকা সমৃদ্ধ দলকে ঢাকায় এনে ম্যাচ আয়োজন করতে নিরাপত্তা, আবাসন, যাতায়াত ও অন্যান্য ব্যবস্থাপনায় বড় অঙ্কের অর্থ প্রয়োজন হবে। সংশ্লিষ্টদের মতে, কলকাতার ম্যাচের পর ব্রাজিল দল ঢাকায় এলে ভ্রমণ ব্যয় কিছুটা কমানোর সুযোগ থাকতে পারে।

পরিকল্পনা চূড়ান্ত হলে ব্রাজিলের প্রায় ৯০ সদস্যের বহরকে কলকাতা থেকে ঢাকায় এবং পরে ঢাকা থেকে দুবাইয়ে চার্টার্ড ফ্লাইটে নেওয়ার ব্যবস্থাও করতে হতে পারে। এর সঙ্গে হোটেল, নিরাপত্তা ও মাঠ ব্যবস্থাপনার খরচ যুক্ত হবে।

 

বাংলাদেশে ব্রাজিলের সম্ভাব্য সফর নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হলেও ম্যাচটির চূড়ান্ত অনুমোদন এখনো হয়নি। বাফুফে ও সিবিএফের আলোচনার পাশাপাশি বাংলাদেশের আন্তর্জাতিক সূচির সঙ্গে সম্ভাব্য ম্যাচটির সমন্বয়ও করতে হবে।

সবকিছু অনুকূলে থাকলে ৬ অক্টোবর ঢাকার মাঠে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশের খেলার সুযোগ তৈরি হতে পারে। তবে ম্যাচটি শেষ পর্যন্ত হবে কি না, তা নির্ভর করছে দুই ফেডারেশনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও সূচি সমন্বয়ের ওপর।


Side banner
Link copied!