• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

দুর্নীতির অভিযোগে বিপিএলের দুই কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০১:৫৯ পিএম
দুর্নীতির অভিযোগে বিপিএলের দুই কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ দুই আসরকে ঘিরে দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বিরুদ্ধে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযুক্তরা হলেন মো. আব্দুল কাইয়ুম রাশেদ ও মো. আমিন খান।

বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইসিসির অ্যান্টি-করাপশন কোডের একাধিক ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

 

আব্দুল কাইয়ুম রাশেদ বিপিএলের দ্বাদশ আসরে চট্টগ্রাম রয়্যালসের মালিক ছিলেন। আর আমিন খান একাদশ আসরে দুর্বার রাজশাহী এবং দ্বাদশ আসরে চট্টগ্রাম রয়্যালসের অপারেশন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।

 

বিসিবির বিবৃতি অনুযায়ী, বিপিএলের একাদশ ও দ্বাদশ আসরকে কেন্দ্র করে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা, দুর্নীতিসংক্রান্ত তথ্য যথাযথ কর্মকর্তাদের না জানানো, তদন্তে সহযোগিতা না করা এবং তদন্ত প্রক্রিয়ায় বাধা বা বিলম্ব ঘটানোর অভিযোগ রয়েছে।

কাইয়ুম রাশেদের বিরুদ্ধে আইসিসি অ্যান্টি-করাপশন কোডের ২.১.১, ২.৪.৪, ২.৪.৬ ও ২.৪.৭ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এসব ধারার আওতায় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা, দুর্নীতির প্রস্তাব সম্পর্কে অ্যান্টি-করাপশন কর্মকর্তাকে অবহিত না করা এবং তদন্তে অসহযোগিতার মতো বিষয় রয়েছে।

অন্যদিকে আমিন খানের বিরুদ্ধে ২.১.১, ২.১.৪, ২.৪.৬ ও ২.৪.৭ ধারা ভঙ্গের অভিযোগ রয়েছে। এর মধ্যে ম্যাচের ফল প্রভাবিত করা, দুর্নীতিতে প্ররোচনা, তদন্তে অসহযোগিতা এবং প্রমাণ নষ্ট বা তদন্তে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ অন্তর্ভুক্ত।

 

বিসিবির নিয়ম অনুযায়ী, নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জবাব দেওয়ার জন্য দুই কর্মকর্তাকে ১৪ দিন সময় দেওয়া হয়েছে।


Side banner
Link copied!