• ঢাকা
  • শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

ইংল্যান্ডের মাটিতে অভিষেকেই ইতিহাস গড়লেন রাজাউল্লাহ


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১২:৫৮ পিএম
ইংল্যান্ডের মাটিতে অভিষেকেই ইতিহাস গড়লেন রাজাউল্লাহ

পাকিস্তানের তরুণ পেসার মোহাম্মদ রাজাউল্লাহ টেস্ট অভিষেকেই ব্যাট-বল হাতে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন। ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে প্রতিপক্ষের মাঠে অভিষেকে ৯টি ছক্কা হাঁকানোর নজির গড়েছেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টে প্রথম ইনিংসে বল হাতে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ঝড় তোলেন রাজাউল্লাহ। মাত্র ৬৩ বলে ৮১ রানের ইনিংসে তিনি মারেন ৯টি ছক্কা।

 

দলের ইনিংস হার এড়াতে প্রয়োজন ছিল মাত্র ২ রান। এমন পরিস্থিতিতে ব্যাট করতে নেমে রীতিমতো আগ্রাসী ব্যাটিং করেন রাজাউল্লাহ। মাত্র ৪৩ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি।

এটি টেস্ট অভিষেকে পাকিস্তানের কোনো ব্যাটারের দ্রুততম ফিফটি। শেষ পর্যন্ত ৮১ রানের ইনিংস খেলে থামেন তিনি। তার ব্যাটিংয়ে পাকিস্তান ইনিংস হারের শঙ্কা কাটিয়ে ১২৯ রানের লিড নিতে সক্ষম হয় এবং ম্যাচে জয়ের সম্ভাবনাও তৈরি হয়।

 

অভিষেক টেস্টে ৯টি ছক্কা মারার ঘটনা অবশ্য এর আগে একবার ঘটেছে। ২০০৮ সালে নিউজিল্যান্ডের টিম সাউদি ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে ৯টি ছক্কা মেরেছিলেন। তবে সেই ম্যাচটি হয়েছিল নিউজিল্যান্ডের নেপিয়ারে।

প্রতিপক্ষের মাঠে টেস্ট অভিষেকে এক ইনিংসে ৯টি ছক্কা—রাজাউল্লাহর আগে এমন কীর্তি আর কোনো ক্রিকেটার করতে পারেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও তাৎপর্যপূর্ণ বিষয়, রাজাউল্লাহর এই রেকর্ডের সাক্ষী ছিলেন টিম সাউদি নিজেই। বর্তমানে অবসর নেওয়া সাউদি ইংল্যান্ড দলের পরামর্শক হিসেবে এজবাস্টনে উপস্থিত ছিলেন।

 

রাজাউল্লাহর সঙ্গে মোহাম্মদ আব্বাসের জুটিতেও তৈরি হয়েছে বিরল রেকর্ড। এই জুটিতে মোট ১০টি ছক্কা এসেছে। টেস্ট ক্রিকেটে শেষ তিন ব্যাটারের ব্যাটে এক জুটিতে এত বেশি ছক্কার নজির আগে দেখা যায়নি।

এ ছাড়া ইংল্যান্ডের মাটিতে এক টেস্ট ইনিংসে ৯টি ছক্কা মারার রেকর্ডেও ভাগ বসিয়েছেন রাজাউল্লাহ। ২০২৩ সালের অ্যাশেজে লর্ডসে ১৫৫ রানের ইনিংস খেলার পথে ওই রেকর্ড করেছিলেন একজন ইংলিশ ব্যাটার।


Side banner
Link copied!