• ঢাকা
  • শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

আত্মবিশ্বাসী নারীদের টার্গেট করে ঘৃণা—কড়া বার্তায় মুখ খুললেন হানিয়া আমির


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১২:০০ পিএম
আত্মবিশ্বাসী নারীদের টার্গেট করে ঘৃণা—কড়া বার্তায় মুখ খুললেন হানিয়া আমির

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও বুলিংয়ের বিরুদ্ধে সরব হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। দীর্ঘদিন অনলাইনে অনুপস্থিত থাকার কারণে সমালোচনার মুখে পড়ে এবার একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

ইনস্টাগ্রামে প্রকাশিত ওই বার্তায় হানিয়া তুলে ধরেন ডিজিটাল দুনিয়ার কঠিন বাস্তবতা। তিনি জানান, পর্দার হাসিমুখের আড়ালে অনেক সময়ই লুকিয়ে থাকে মানসিক চাপ ও সংগ্রাম। নিজের অভিজ্ঞতা থেকে বলেন, নেতিবাচক মন্তব্য এবং অবিরাম সমালোচনা তাকে মানসিকভাবে প্রভাবিত করেছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, আত্মবিশ্বাসী ও সুখী নারীদের প্রতি সমাজে এক ধরনের বিদ্বেষ কাজ করে বলে মন্তব্য করেন এই অভিনেত্রী। তার ভাষ্য অনুযায়ী, এই মানসিকতায় শুধু পুরুষ নয়, নারীরাও অংশ নেয়—যা তাকে হতাশ করেছে।

তিনি এই প্রবণতাকে ‘হেট ট্রেন’ বা ঘৃণার স্রোত হিসেবে উল্লেখ করে বলেন, অনেকেই অন্যকে ছোট করে নিজের ভেতরের অসন্তোষ ঢাকার চেষ্টা করেন। বিশেষ করে নারীরা প্রায়ই তাদের চেহারা, গায়ের রং কিংবা সাফল্যের জন্য অনলাইনে কটাক্ষের শিকার হন—যা সমাজে একটি উদ্বেগজনক সংস্কৃতির ইঙ্গিত দেয়।

জনপ্রিয়তা অর্জনের পর তারকাদের বিরুদ্ধে প্লাস্টিক সার্জারি বা অনৈতিক উপায়ে সফল হওয়ার অভিযোগ তোলার প্রবণতাকেও প্রশ্নবিদ্ধ করেন হানিয়া। তিনি প্রশ্ন রাখেন—কারও সাফল্য বা আনন্দময় জীবনযাপন কি তাকে ঘৃণার লক্ষ্যবস্তু বানানোর কারণ হতে পারে?

শেষে অনুসারীদের উদ্দেশ্যে ইতিবাচক মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান তিনি। তার মতে, প্রত্যেক মানুষকে তার নিজের মতো করে বাঁচতে দেওয়া উচিত।

হানিয়ার এই বক্তব্য ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। সহকর্মী তারকা থেকে শুরু করে অনেক সাধারণ ব্যবহারকারীও তার অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে প্রশংসা করছেন।


Side banner
Link copied!