বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী ও ডিজে সঞ্জয় দেব এবার বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার আমন্ত্রণ পেয়েছেন। তার এই অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক ক্রীড়া ও বিনোদনের বিশাল মঞ্চে যুক্ত হচ্ছে বাংলাদেশের নাম।
ফিফার ঘোষণায় জানা গেছে, বৃহস্পতিবার (১২ জুন) টরন্টো এবং লস অ্যাঞ্জেলেস-এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন সঞ্জয়। একই মঞ্চে থাকবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী কেটি পেরি ও লিসা।
এ অর্জন নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে সঞ্জয় বলেন, জীবনের এমন একটি মুহূর্তের স্বপ্ন তিনি দীর্ঘদিন ধরে দেখেছেন। একজন অভিবাসী পরিবারের সন্তান হিসেবে ছোট পরিসর থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে পৌঁছানো তার জন্য এক অসাধারণ অনুভূতি।
তিনি আরও বলেন, এটি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং এমন সব তরুণদের প্রতিনিধিত্ব করে যারা ভিন্ন সংস্কৃতির মধ্যে বেড়ে উঠেও নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বিশ্বাস রাখে।
এবারের ফিফা বিশ্বকাপ ২০২৬ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। বুধবার (১১ জুন) থেকে শুরু হওয়া এই আসর চলবে শনিবার (১৯ জুলাই) পর্যন্ত। এবারের বিশ্বকাপে অংশ নেবে বিশ্বের ৪৮টি দল।
বিশ্বকাপের জমকালো উদ্বোধনী মঞ্চে সঞ্জয় দেব-এর উপস্থিতি বাংলাদেশের জন্য গর্বের এক নতুন অধ্যায় হয়ে থাকছে।
আপনার মতামত লিখুন :