নিজের অভিনীত চলচ্চিত্রের প্রিমিয়ার শোকে কেন্দ্র করে পদদলিত হয়ে এক নারী নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আবারও আদালতে হাজিরার নির্দেশ পেয়েছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর আদালত আগামী ২২ জুন তাকে এবং মামলার অন্য অভিযুক্তদের আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ২০২৪ সালের ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে বহুল আলোচিত চলচ্চিত্র পুষ্পা টু: দ্য রুল-এর বিশেষ প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। প্রিয় অভিনেতাকে একনজর দেখতে সেখানে বিপুলসংখ্যক ভক্ত সমবেত হন।
অতিরিক্ত ভিড়ের মধ্যে সৃষ্ট পদদলনের ঘটনায় রেবতী নামে এক নারী নিহত হন। এ সময় তার ৯ বছর বয়সী ছেলে তেজ গুরুতর আহত হয়। পরদিন বিশ্বব্যাপী মুক্তি পায় চলচ্চিত্রটি।
ঘটনার পর দায়ের হওয়া মামলায় আল্লু অর্জুন, তার ব্যক্তিগত ব্যবস্থাপক, কয়েকজন স্টাফ, আটজন নিরাপত্তাকর্মী (বাউন্সার) এবং প্রেক্ষাগৃহের মালিকসহ মোট ২০ জনকে অভিযুক্ত করা হয়। একই বছরের ১৩ ডিসেম্বর অভিনেতাকে গ্রেপ্তার করা হলেও এক রাত পুলিশ হেফাজতে থাকার পর তেলেঙ্গানা হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন।
সম্প্রতি মামলার তদন্ত শেষ করে হায়দরাবাদের সংশ্লিষ্ট আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। তদন্তকারী সংস্থার দাবি, আল্লু অর্জুনের উপস্থিতির বিষয়ে আগে থেকেই অবগত থাকা সত্ত্বেও প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ দর্শকদের নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেনি, যার ফলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
চার্জশিট গ্রহণের পর আদালত আগামী সোমবার (২২ জুন) আল্লু অর্জুনসহ মামলার ২০ অভিযুক্তকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। ওই দিন থেকেই মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
মামলাটি ভারতের বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আদালতের পরবর্তী কার্যক্রমের ওপরই নির্ভর করবে মামলার পরবর্তী আইনি অগ্রগতি।
আপনার মতামত লিখুন :