দেশের শিশুদের জন্য দ্রুত হামের টিকা সরবরাহ নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (১ এপ্রিল) মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের (ডিজি) কাছে এ নোটিশ পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে দেশে হামের টিকার সংকট দেখা দেওয়ায় বিভিন্ন এলাকায় শিশুদের মধ্যে সংক্রমণ বাড়ছে। এমনকি হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঘটনাও ঘটছে বলে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে।
এ পরিস্থিতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে নোটিশে। পাশাপাশি ‘হামে আরও দুই শিশুর মৃত্যু’ শীর্ষক একটি প্রতিবেদন সংযুক্ত করে বিষয়টির গুরুত্ব তুলে ধরা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট দায়ের করা হবে।
এ ঘটনায় স্বাস্থ্য খাতে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা, যাতে শিশুদের ঝুঁকি কমানো সম্ভব হয়।
আপনার মতামত লিখুন :