আইপিএলে অনন্য এক কীর্তি গড়েছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। রান তাড়ায় প্রথম ক্রিকেটার হিসেবে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
শনিবার আইপিএলের নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দারুণ জয় পায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০২ রানের বড় লক্ষ্য মাত্র ২৬ বল হাতে রেখেই পাড়ি দেয় দলটি, যা আইপিএলের ইতিহাসে দুই শতাধিক রান তাড়ায় দ্রুততম জয়।
এই ম্যাচে ব্যাট হাতে নেতৃত্ব দেন কোহলি। তিনি ৩৮ বলে ৫টি চার ও ৫টি ছক্কায় ৬৯ রানের ঝলমলে ইনিংস খেলেন।
এই ইনিংসের মাধ্যমেই তিনি আইপিএলে রান তাড়ার ক্ষেত্রে ৪ হাজার রান পূর্ণ করে নতুন ইতিহাস গড়েন। এ তালিকায় তার পরেই রয়েছেন ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা, শিখর ধাওয়ান ও রবিন উথাপ্পা।
দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে নিজের পারফরম্যান্স নিয়ে কোহলি বলেন, বিরতি তাকে মানসিক ও শারীরিকভাবে সতেজ থাকতে সাহায্য করেছে। প্রস্তুতি ছাড়া মাঠে নামেন না বলেও জানান তিনি।
উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টুয়েন্টি ও টেস্ট থেকে অবসর নেওয়ার পর এখন মূলত ওয়ানডে ক্রিকেটেই নিয়মিত দেখা যায় কোহলিকে। তবে আইপিএলে ফিরে আবারও নিজের সেরা ছন্দের প্রমাণ দিলেন এই ব্যাটিং তারকা।
আপনার মতামত লিখুন :