বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-ঘনিষ্ঠ ফারস সংবাদ সংস্থার প্রকাশিত ফুটেজে দূরবর্তী লক্ষ্যবস্তুতে রকেট ও ক্ষেপণাস্ত্র আঘাত হানার দৃশ্য দেখা গেছে বলে দাবি করা হয়। সেখানে বলা হয়েছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ইসা অঞ্চলে অবস্থিত একটি মার্কিন কমান্ড ও স্টাফ বিল্ডিং এবং জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্ক ধ্বংস হয়েছে।
তবে এ হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বা মার্কিন প্রতিরক্ষা কর্তৃপক্ষ।
এর আগে বাহরাইনে মার্কিন-পরিচালিত একটি নৌঘাঁটি এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানানো হয়।
পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের আরও এক ডজন দেশ থেকে মার্কিন নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
আপনার মতামত লিখুন :