• ঢাকা
  • শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ডুরান্ড লাইনে তীব্র সংঘর্ষ, পাকিস্তানে পাল্টা হামলার দাবি আফগানিস্তানের


FavIcon
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১২:৪৮ এএম
ডুরান্ড লাইনে তীব্র সংঘর্ষ, পাকিস্তানে পাল্টা হামলার দাবি আফগানিস্তানের

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তানি বিমান হামলার জবাবে সীমান্তবর্তী সামরিক স্থাপনায় পাল্টা আক্রমণ চালানো হয়েছে।

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নাঙ্গারহার ও পাকতিয়া প্রদেশসংলগ্ন এলাকায় তীব্র সংঘর্ষ শুরু হয়। তাদের দাবি, পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়ায় সীমান্ত বরাবর পাকিস্তানের সামরিক অবস্থান লক্ষ্য করে বড় পরিসরে অভিযান চালানো হয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক মাধ্যমে লিখেছেন, বারবার ‘উস্কানি ও সীমান্ত লঙ্ঘনের’ জবাবে ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সামরিক ঘাঁটি ও স্থাপনায় আক্রমণ চালানো হয়েছে। তার দাবি, আফগান বাহিনী বহু সৈন্য হতাহত করেছে এবং কয়েকজনকে আটক করেছে; অন্তত ১৫টি চৌকি দখলের কথাও বলা হয়েছে।

২,৬১১ কিলোমিটার দীর্ঘ ডুরান্ড লাইন সীমান্তকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। আফগানিস্তান আনুষ্ঠানিকভাবে এই সীমারেখা স্বীকৃতি দেয় না।

অন্যদিকে, পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও দেশটির তথ্য মন্ত্রণালয় জানায়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন সেক্টরে তালেবানদের গুলিবর্ষণের ‘তাৎক্ষণিক ও কার্যকর জবাব’ দিয়েছে পাকিস্তানি সেনারা।

এর আগে রোববার পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে অন্তত ৭০ জন যোদ্ধা নিহতের দাবি করেছিল। আফগানিস্তান সে দাবি নাকচ করে জানিয়েছে, হামলায় নারী ও শিশুসহ বেসামরিক লোকজন হতাহত হয়েছেন।

সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলা দুই দেশের সীমান্ত পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে বলে বিশ্লেষকদের মত।


Side banner
Link copied!