রাজধানী ঢাকায় দিনের সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও বাড়তে পারে, ফলে ভাপসা গরমে অস্বস্তি বাড়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
শনিবার সকালে প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আকাশ দিনের কিছু সময় আংশিক মেঘলা থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা না থাকায় বাতাসে আর্দ্রতার প্রভাবেই গরমের অনুভূতি আরও বেশি তীব্র হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। এ উচ্চ আর্দ্রতার কারণে তাপমাত্রা তুলনামূলক কম হলেও গরম বেশি অনুভূত হচ্ছে।
এ সময় দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এর আগে শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস এবং গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।
অন্যদিকে, দেশের আবহাওয়ার চিত্রে কিছুটা ভিন্নতা দেখা যেতে পারে। পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যার মধ্যে রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সব মিলিয়ে, বৃষ্টিহীন ও আর্দ্র আবহাওয়ার কারণে রাজধানীতে ভাপসা গরম আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :