• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

রাজধানীতে লক্কড়ঝক্কড় গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযানে ডিএমপি


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ৭, ২০২৬, ০১:৫৭ পিএম
রাজধানীতে লক্কড়ঝক্কড় গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযানে ডিএমপি

রাজধানীতে চলাচলকারী ঝুঁকিপূর্ণ, অনুপযোগী ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (৬ মে) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, নির্ধারিত ‘ইকোনমিক লাইফ’ অতিক্রম করা বাস, মিনিবাস, ট্রাক ও অন্যান্য পণ্যবাহী যানবাহন রাজধানীতে চলাচল করলে সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন সড়ক, উড়ালসড়ক ও সেতুতে পুরোনো ও ঝুঁকিপূর্ণ যানবাহন প্রায়ই বিকল হয়ে যানজট সৃষ্টি করছে। এতে জনদুর্ভোগ বাড়ার পাশাপাশি সড়ক নিরাপত্তাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর ২০২৩ সালের নির্দেশনা অনুযায়ী, বাস ও মিনিবাসের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ বছর এবং ট্রাক, কাভার্ডভ্যানসহ পণ্যবাহী যানবাহনের আয়ুষ্কাল ২৫ বছর নির্ধারণ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক পুলিশের যৌথ তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে নিয়ম লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে জরিমানা, জব্দ এবং প্রয়োজনে ডাম্পিংয়ে পাঠানোর মতো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট মালিক ও চালকদের নির্ধারিত মেয়াদ অতিক্রম করা যানবাহন রাজধানীতে না চালানোর আহ্বান জানিয়েছে পুলিশ।


Side banner
Link copied!