• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

জনপ্রত্যাশা অনুযায়ী সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধনের আশ্বাস


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬, ০৩:৪১ পিএম
জনপ্রত্যাশা অনুযায়ী সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধনের আশ্বাস

জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক সংস্কারের অঙ্গীকার বাস্তবায়নে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের রাষ্ট্রীয় কাঠামোকে আরও কার্যকর ও গণতান্ত্রিক করতে সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আনা হবে। এ লক্ষ্যে সংসদের ভেতরে ও বাইরে থাকা রাজনৈতিক দল, পেশাজীবী, বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নিয়ে একটি গ্রহণযোগ্য সংশোধনী প্রস্তাব প্রণয়ন করা হবে।

তিনি জানান, বিরোধী দলের পক্ষ থেকে এখনো কমিটির সদস্যদের নাম পাওয়া যায়নি। তবে তারা সদস্যদের নাম পাঠালে তা গ্রহণ করা হবে এবং আলোচনায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে। পাশাপাশি লিখিত বা সরাসরি মতামত দিলেও তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় কোনো বড় বাধা দেখছেন কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, কমিটির সামনে প্রধান দায়িত্ব হলো জনগণের প্রত্যাশা পূরণ করা। জুলাই গণঅভ্যুত্থান এবং গণতান্ত্রিক সংস্কারের অঙ্গীকারকে সামনে রেখে একটি শক্তিশালী রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদে যেসব বিষয়ে রাজনৈতিক ঐকমত্য হয়েছে, সেগুলো সংশোধনী প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে। যেসব বিষয়ে মতপার্থক্য রয়েছে, সেগুলোও যথাযথভাবে উপস্থাপন করা হবে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার ও আলোচনায় উঠে আসা গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলোও বিবেচনায় নেওয়া হবে।

কমিটির সভাপতি জানান, পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, বিশেষজ্ঞ এবং আগ্রহী অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে। প্রয়োজন হলে এ আলোচনা আরও বিস্তৃত করা হবে।

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠকে জাতীয় সংসদের চিফ হুইপ, আইনমন্ত্রী এবং কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


Side banner
Link copied!