• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট, ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

মানিকগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৬, ০৪:৩৫ পিএম
মানিকগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকায় এ ঘটনা প্রকাশ্যে আসে। পুলিশ জানায়, অভিযুক্ত জুলহাসকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুলহাস তার স্ত্রী ও স্ত্রীর আগের সংসারের ১১ বছর বয়সী মেয়েকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। অভিযোগ রয়েছে, গত রোববার শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন করা হয়। শিশুটির দাবি, এর আগেও একাধিকবার একই ধরনের নির্যাতনের শিকার হলেও ভয়ের কারণে সে বিষয়টি কাউকে জানাতে পারেনি।

সোমবার সকালে শিশুটি কান্নাকাটি করে ঘটনাটি তার মাকে জানায়। পরে শিশুটির মা বিচার চেয়ে বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টুর কাছে অভিযোগ করেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি দ্রুত ঘিওর থানাকে অবহিত করা হয়, যাতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া যায়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। তিনি জানান, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিশুর সুরক্ষা নিশ্চিত করা এবং ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।


Side banner
Link copied!