• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ফুটপাত দখলমুক্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৬, ০১:৩১ পিএম
ফুটপাত দখলমুক্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেছেন, নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দখল হয়ে থাকা ফুটপাত পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। কেউ উচ্ছেদের পর আবার ফুটপাত দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধেও অভিযান চালানো হবে।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক জানান, নগরের বিভিন্ন এলাকায় ফুটপাত দখল করে চকি, মাচা ও অন্যান্য স্থাপনা বসানো হয়েছে। এতে পথচারীদের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। নগরবাসীর সুবিধা নিশ্চিত করতে পর্যায়ক্রমে এসব দখল সরিয়ে ফুটপাত চলাচলের উপযোগী করা হবে।

ডিএনসিসির প্রশাসকের দেওয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি ১০ নম্বর থেকে হোপ মার্কেট পর্যন্ত দখল হয়ে থাকা ফুটপাতের একটি বড় অংশ উচ্ছেদ করা হয়েছে। এ কাজে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা পাওয়া গেছে বলেও তিনি জানান।

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ফুটপাত দখলমুক্ত করার পর স্থানীয় মানুষের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেকেই জানিয়েছেন, দীর্ঘ ১৩ থেকে ২০ বছর ধরে তারা ওই সড়কে স্বাভাবিকভাবে হাঁটতে পারেননি।

তিনি আরও জানান, দখলমুক্ত করা ফুটপাত পুনরায় দখল ঠেকাতে স্থানীয় জনগণ, সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে। দলটি প্রতিদিন সকাল, দুপুর, বিকেল ও সন্ধ্যায় ফুটপাতগুলো পর্যবেক্ষণ করছে। পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে ফুটপাত দখল না করার বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে।

ডিএনসিসি প্রশাসক বলেন, ফার্মগেটসহ রাজধানীর বিভিন্ন এলাকায় এখনো কিছু ফুটপাত দখল রয়েছে। এসব এলাকায় আগেও অভিযান চালানো হয়েছে। প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে সেখানেও দখলমুক্ত অভিযান চালানো হবে।

তিনি বলেন, নগরবাসীর চলাচলের সুবিধার জন্য যেখানে ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন, সেখানে অভিযান চালানো হবে। দীর্ঘদিনের অবৈধ দখল, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

নগরবাসী সচেতন হয়ে সিটি করপোরেশনকে সহযোগিতা করলে ফুটপাত দখলমুক্ত রাখা এবং নগরের পরিচ্ছন্নতা নিশ্চিত করা সহজ হবে বলে মন্তব্য করেন ডিএনসিসি প্রশাসক। এ কাজে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।


Side banner
Link copied!