• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬, ১২:৪৮ পিএম
জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

আগামী ৫ আগস্ট পালিতব্য জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সম্ভাব্য নাশকতা, গুজব ও অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, টহল কার্যক্রম এবং সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী কিংবা রাষ্ট্রবিরোধী তৎপরতার মাধ্যমে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এ কাজে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে দেশের প্রতিটি র‌্যাব ব্যাটালিয়ন দায়িত্ব পালন করবে।

র‌্যাব জানিয়েছে, ৪ আগস্ট রাত থেকেই অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত রুট এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও র‌্যাব সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন।

এছাড়া সম্ভাব্য নাশকতা প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। প্রতিটি জেলার অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভে আগাম নজরদারি চালানো হচ্ছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাইবার পেট্রোলিংও বাড়ানো হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দিবসটি উপলক্ষে জনগণের নিরাপত্তা নিশ্চিত, অপরাধ প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীটি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করবে।


Side banner
Link copied!