• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট, ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

অননুমোদিত হর্নে কড়াকড়ি, সব মোটরযানের জন্য সতর্কবার্তা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৬, ০৪:১৪ পিএম
অননুমোদিত হর্নে কড়াকড়ি, সব মোটরযানের জন্য সতর্কবার্তা

সড়কে শব্দদূষণ ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে অননুমোদিত হাইড্রোলিক হর্ন, হুটার এবং বিকট শব্দ সৃষ্টি করে এমন হর্ন ব্যবহারের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি জানিয়েছে, আইন লঙ্ঘন করে এসব হর্ন ব্যবহার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৩ আগস্ট) বিআরটিএ এক বার্তায় জানায়, এর আগে ২১ জুলাই জারি করা নির্দেশনার আলোকে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৮১ নম্বর বিধি বাস্তবায়নে এই সতর্কতা পুনর্ব্যক্ত করা হয়েছে।

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক যান, উদ্ধারকাজে ব্যবহৃত যানবাহন এবং রাষ্ট্রীয় জরুরি দায়িত্বে নিয়োজিত নির্ধারিত যান ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার, বহুস্বরের হর্ন কিংবা অতিরিক্ত তীব্র, কর্কশ বা আতঙ্ক সৃষ্টি করে এমন শব্দ উৎপন্নকারী যন্ত্র স্থাপন বা ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

সংস্থাটি বলছে, এ ধরনের অননুমোদিত হর্ন শুধু শব্দদূষণই বাড়ায় না, বরং জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। পাশাপাশি অনেক ক্ষেত্রে চালকদের বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে, যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়।

বিআরটিএর পর্যবেক্ষণে দেখা গেছে, সম্প্রতি বিভিন্ন ব্যক্তিগত ও বাণিজ্যিক যানবাহনে অননুমোদিত হাইড্রোলিক হর্ন ও হুটারের ব্যবহার বেড়েছে। এতে সাধারণ মানুষ ভোগান্তির পাশাপাশি সড়কে বিশৃঙ্খল পরিস্থিতিরও সৃষ্টি হচ্ছে।

এ অবস্থায় মোটরযানের মালিক ও চালকদের আইন মেনে চলার আহ্বান জানিয়েছে বিআরটিএ। সংস্থাটি স্পষ্ট করেছে, জরুরি সেবায় নিয়োজিত নির্ধারিত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে নিষিদ্ধ হর্ন বা শব্দসৃষ্টিকারী যন্ত্র ব্যবহার করা হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Side banner
Link copied!