• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুত ইসি, ভোটের তারিখ এখনও চূড়ান্ত নয়


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০১:০১ পিএম
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুত ইসি, ভোটের তারিখ এখনও চূড়ান্ত নয়

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সার্বিকভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে ভোটগ্রহণের দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি বলে তিনি জানান।

মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ তথ্য জানান।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ করার জন্য জাতীয় সংসদ সচিবালয়ের কাছে প্রয়োজনীয় তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট তথ্য পাওয়ার পর নির্বাচন আয়োজনের পরবর্তী ধাপগুলো সম্পন্ন করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যকে ঘিরে সাম্প্রতিক ঘটনার বিষয়ে যদি জাতীয় সংসদ সচিবালয় আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে কোনো রেফারেন্স পাঠায়, তাহলে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারণের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জাতীয় সংসদ সচিবালয়ে চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর সংবিধানের বিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।

সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশন ও জাতীয় সংসদ সচিবালয়ের মধ্যে সমন্বয় অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!