• ঢাকা
  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

জাতীয় সাফল্যের পর মালয়েশিয়ায় দেশের প্রতিনিধিত্ব করবেন তরুণ উদ্ভাবক হাসিব খান


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০১:৫১ পিএম
জাতীয় সাফল্যের পর মালয়েশিয়ায় দেশের প্রতিনিধিত্ব করবেন তরুণ উদ্ভাবক হাসিব খান

জাতীয় পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য অর্জনের পর এবার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সিরাজগঞ্জের তরুণ উদ্ভাবক ও খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের (KYAU) শিক্ষার্থী মো. হাসিব খান। আগামী সেপ্টেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক সম্মেলনে তিনি অংশ নেবেন।

মো. হাসিব খান সিরাজগঞ্জ পৌরসভার শাহেদনগর এলাকার বাসিন্দা এবং মো. ওয়াহাব খানের ছেলে। উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর গবেষণায় তাঁর সাফল্য ইতোমধ্যে জাতীয় পর্যায়ে প্রশংসা কুড়িয়েছে।

বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ন্যাশনাল সায়েন্স ফিকশন ফেয়ার (NSFC)-এ চ্যাম্পিয়ন হওয়ার পর সম্প্রতি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক আয়োজনে অংশ নিয়ে নিজের উদ্ভাবনী দক্ষতার স্বাক্ষর রাখেন।

নিজের অর্জন প্রসঙ্গে হাসিব খান বলেন, বিশ্ববিদ্যালয়ে চ্যাম্পিয়ন হওয়া থেকে শুরু করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ—পুরো যাত্রাই তাঁর জন্য অনুপ্রেরণাদায়ক। তিনি এ সাফল্যের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষক, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতার কথা উল্লেখ করেন।

তিনি আরও জানান, ‘রোবো টেক ভ্যালি’ (Robo Tech Valley) আয়োজনে পৃষ্ঠপোষকতা দিয়ে বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ জন্য প্রতিষ্ঠানটির প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হাসিব খানের উদ্ভাবিত ভিশন-বেইজড স্মার্ট অ্যাগ্রো রোবট কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহারকে সহজ করার লক্ষ্যেই তৈরি করা হয়েছে। রোবটটি স্বয়ংক্রিয়ভাবে জমিতে চলাচল করতে পারে এবং মোবাইল ফোনের মাধ্যমে দূর থেকে নিয়ন্ত্রণ করে কীটনাশক ও সার প্রয়োগ করা সম্ভব। সৌরশক্তিচালিত এ রোবটে ক্যামেরা, বিভিন্ন সেন্সর, মাইক্রোচিপ এবং আধুনিক নিয়ন্ত্রণব্যবস্থা সংযুক্ত রয়েছে, যা কৃষিকাজকে আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করে তুলতে সহায়তা করবে।

আগামী সেপ্টেম্বরে মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের উদ্ভাবনী সক্ষমতাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে চান এই তরুণ প্রকৌশলী। এ লক্ষ্য পূরণে তিনি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের বিভিন্ন মহলের সহযোগিতা এবং সবার দোয়া কামনা করেছেন।


Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!