• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

টেন্ডার অনিয়মের অভিযোগে এলজিইডির দুই কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৯:১৯ পিএম
টেন্ডার অনিয়মের অভিযোগে এলজিইডির দুই কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা

টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, জালিয়াতি, প্রতারণা এবং ঘুষ দাবি করার অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) হবিগঞ্জের দুই কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত অভিযোগটি গ্রহণ করে আগামী মঙ্গলবার শুনানির দিন নির্ধারণ করেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) হবিগঞ্জের সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি করেন সদর উপজেলার রিচি গ্রামের বাসিন্দা ও ঠিকাদার মো. জুবাঈদ মিয়া।

মামলায় আসামি করা হয়েছে এলজিইডি হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. রোকনুজ্জামান খান এবং দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে।

মামলার এজাহারে বাদীর অভিযোগ, নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী–বুরিনাও সড়কের উন্নয়ন, ইউ-ড্রেনেজ, বক্স কালভার্ট এবং প্রতিরক্ষা কাজের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে তাঁর প্রতিষ্ঠানকে বঞ্চিত করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, কারসাজির মাধ্যমে অন্য একটি প্রতিষ্ঠানকে অবৈধ সুবিধা দিয়ে কার্যাদেশ দেওয়া হয়।

এজাহার অনুযায়ী, টেন্ডার প্রক্রিয়া চলাকালে বাদীর কাছে ১০ লাখ টাকা ঘুষ দাবি করা হয়েছিল। তিনি সেই দাবি প্রত্যাখ্যান করলে পরিকল্পিতভাবে তাঁকে টেন্ডার প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয় এবং অন্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আদালত অভিযোগটি আমলে নিয়ে আগামী মঙ্গলবার মামলার শুনানির তারিখ নির্ধারণ করেছেন। বিষয়টি বর্তমানে বিচারাধীন থাকায় আদালতের পরবর্তী নির্দেশের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট পক্ষ।

উল্লেখ্য, মামলায় উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা বা অন্য আসামিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়া ও তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।


Side banner

অপরাধ বিভাগের আরো খবর

Link copied!