• ঢাকা
  • রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

বাঘায় দুটি পিস্তল ও গুলিসহ নারী আটক


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০১:৩৯ পিএম
বাঘায় দুটি পিস্তল ও গুলিসহ নারী আটক

রাজশাহীর বাঘা উপজেলায় দুটি সচল বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলিসহ এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার ওই নারীর বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে পুলিশ। তদন্তের স্বার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

 

পুলিশ জানায়, রাজশাহী জেলা ডিবির একটি দল পুলিশ পরিদর্শক মো. মোমিনুল হাসানের নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে নারীর শয়নকক্ষের খাটের নিচ থেকে কাঠের বাটযুক্ত দুটি সচল পিস্তল, তিনটি খালি ও মরিচাযুক্ত ম্যাগাজিন এবং সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেরাজুল হক জানান, ডিবির বিশেষ অভিযানে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

 

ওসি জানান, আটক নারীর স্বামী আওয়ামী লীগ সরকারের সময় পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী, ওই সময় তার বিরুদ্ধে এলাকায় পেশিশক্তি ব্যবহার ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ ছিল।

সিডিএমএস যাচাই করে তার স্বামীর বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ১৩টি মামলা আদালতে বিচারাধীন থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

আটক নারীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বাঘা থানার ওসি।

উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের উৎস, এগুলো ওই নারীর হেফাজতে কীভাবে এলো এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না—এসব বিষয়ে তদন্ত চলছে।


Side banner
Link copied!