• ঢাকা
  • শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

তরুণরা চাইলে দেশ বদলে দেওয়া সম্ভব: প্রধানমন্ত্রী


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১২:৫৩ পিএম
তরুণরা চাইলে দেশ বদলে দেওয়া সম্ভব: প্রধানমন্ত্রী

তরুণ সমাজ ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নিলে দেশকে পরিবর্তন করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিচ্ছন্ন ও সুস্থ বাংলাদেশ গড়তেও তরুণদের সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। সরকারি তথ্য অনুযায়ী, তিন মাসব্যাপী কর্মসূচিটি ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।

 

প্রধানমন্ত্রী বলেন, দেশের বড় একটি অংশ তরুণ। এই জনগোষ্ঠী যদি দেশ পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করে, তাহলে ইতিবাচক পরিবর্তন সম্ভব। অতীতের আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, তরুণরা পরিবর্তন আনতে সক্ষম—পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

 

ডেঙ্গু মোকাবিলায় আগামী তিন মাস সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন হলেও ব্যাপক প্রতিরোধমূলক পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।

সরকারের এ কর্মসূচির আওতায় সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়েও বিভিন্ন সংগঠন ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করা হচ্ছে।

 

প্রধানমন্ত্রী প্রত্যেক নাগরিককে সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজের বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার আহ্বান জানান। একই সঙ্গে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার অনুরোধ করেন তিনি।


Side banner
Link copied!