• ঢাকা
  • শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

টুঙ্গিপাড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৬, ০১:৩৬ পিএম
টুঙ্গিপাড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে তিন সন্তানের এক গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতপরিচয় আরও দুই ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাটগাতী মধ্যপাড়া এলাকা থেকে আকবর শেখ (৩৫) ও সোহাগ গাজী (৩৬) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

মামলার তথ্য অনুযায়ী, ভুক্তভোগী নারীর স্বামী গত ২০ আগস্ট কৃষি শ্রমিকের কাজের জন্য অন্য জেলায় চলে যান। এরপর তিন সন্তানকে নিয়ে ওই নারী রাতে বাড়িতে থাকতেন।

অভিযোগ করা হয়েছে, মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে চার ব্যক্তি ঘরের এক পাশে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। তারা সন্তানদের মুখ চেপে ধরে ওই নারীকে যৌন নির্যাতন করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী নিজেকে রক্ষা করার চেষ্টা করলে আকবরের হাতে কামড় দেন বলে অভিযোগ। এতে ক্ষিপ্ত হয়ে আকবর তাকে মারধর করেন এবং এতে তার তিনটি দাঁত ভেঙে যায় বলে মামলায় উল্লেখ রয়েছে।

 

পুলিশের ভাষ্য, ঘটনার একপর্যায়ে গৃহবধূর সন্তানরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তখন অভিযুক্ত চারজনই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

 

ভুক্তভোগী নারী জানান, ঘটনার সময় তিনি আকবর ও সোহাগকে চিনতে পারেন। অন্য দুজনকে শনাক্ত করতে পারেননি। তার অভিযোগ, আকবর তাকে মারধর করে দাঁত ভেঙে দেন।

ঘটনার পর বৃহস্পতিবার ওই নারীর বাবা টুঙ্গিপাড়া থানায় মামলা করেন। মামলায় আকবর ও সোহাগের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও দুজনকে আসামি করা হয়েছে।


Side banner
Link copied!