প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৭ সেপ্টেম্বরের ফেনী সফর স্থগিত করা হয়েছে। বিষয়টি রোববার (১৩ সেপ্টেম্বর) নিশ্চিত করেছেন ফেনীর জেলা প্রশাসক মো. মাহবুবুল করিম।
জেলা প্রশাসক জানান, সফরের নতুন সময়সূচি অনুযায়ী অক্টোবরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী ফেনী সফরে যেতে পারেন। এ সফরকে ঘিরে নিরাপত্তা, অবকাঠামো, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনসহ প্রয়োজনীয় প্রস্তুতি অব্যাহত রয়েছে।
সফর পিছিয়ে গেলেও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পরশুরাম ও ফুলগাজীতে প্রশাসনিক প্রস্তুতি চালিয়ে যাওয়া হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আগের সফরসূচি অনুযায়ী, পরশুরামে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীকেন্দ্রিক বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্প উদ্বোধনের কথা ছিল প্রধানমন্ত্রীর। পাশাপাশি ফুলগাজীতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনাও ছিল।
ফেনীর পরশুরাম ও আশপাশের এলাকায় বন্যা, নদীভাঙন ও জলাবদ্ধতা মোকাবিলায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটির ব্যয় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা। এতে বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ, নদী ও জলাধার পুনঃখনন এবং সেচ অবকাঠামো সংস্কারের মতো কাজ রয়েছে।
সফরের নতুন তারিখ চূড়ান্ত হলে সে অনুযায়ী কর্মসূচি ও প্রস্তুতিতে পরিবর্তন আনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আপনার মতামত লিখুন :