দেশের বাজারে আবারও সোনা ও রুপার গহনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) গহনার দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়ে ভ্যাটসহ ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায় নির্ধারণ করা হয়েছে।
বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পাকা) সোনার দাম বৃদ্ধি পাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে সারা দেশে এ মূল্য কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য প্রকাশ করা হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ হাজার ১০০ টাকা বেড়ে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা হয়েছে। ১৮ ক্যারেট সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা বৃদ্ধি পেয়ে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম ১ হাজার ৪৫৮ টাকা বেড়ে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায় পৌঁছেছে।
শুধু সোনা নয়, রুপার গহনাতেও নতুন মূল্য নির্ধারণ করেছে বাজুস। নতুন দামে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ২ হাজার ৯৭৪ টাকায় বিক্রি হবে।
উল্লেখ্য, এর মাত্র তিন দিন আগে, ২৪ জুলাই, ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম কমানো হয়েছিল। তবে স্থানীয় বাজারে কাঁচা সোনার মূল্য বৃদ্ধির কারণে আবারও নতুন মূল্য নির্ধারণ করেছে বাজুস।
আপনার মতামত লিখুন :