• ঢাকা
  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০১:২৯ পিএম
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রশ্নে সরকারের অবস্থান তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সুযোগ নেই। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত তিনি নিরাপত্তা ও অন্যান্য প্রাপ্য সুবিধা পাবেন।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান-পরবর্তী গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মো. সাহাবুদ্দিন সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন এবং দায়িত্ব পালনের সময় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির জন্য নির্ধারিত আইনি সুরক্ষা কার্যকর ছিল। এ কারণে দায়িত্ব পালনকালীন সময়ের বিষয়ে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা বা বিচারিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক দলের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে নানা বক্তব্য ও অভিযোগ উত্থাপন করা হলেও সেগুলো নিয়ে সরকার এমন কোনো বিষয় দেখেনি, যা আইনগতভাবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সৃষ্টি করে। তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশে মত প্রকাশের স্বাধীনতা সবার রয়েছে।

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রচলিত বিধান অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আগামী ছয় মাস নিরাপত্তা ও অন্যান্য সরকারি সুবিধা পাবেন। তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে।


Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!