• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিকের মৃত্যু, পুলিশ বিভাগে শোক


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০১:২৩ পিএম
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিকের মৃত্যু, পুলিশ বিভাগে শোক

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পুলিশ বিভাগ, সহকর্মী এবং স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ভোর ৬টা ২২ মিনিটে তাঁর মৃত্যু হয়। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্র জানায়, কয়েকদিন আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা মোহাম্মদ সাইফুল মালিক বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ছেলে। ১৯৮১ সালে জন্ম নেওয়া এই পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১৬ সালে ৩৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

কর্মজীবনে তিনি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সহকর্মীদের কাছে তিনি দায়িত্বশীল, বিনয়ী ও পেশাদার কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।

তাঁর মৃত্যুতে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!