ফরিদপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলায় বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মো. মিজানুর রহমান মোল্লার স্ত্রী ইসরাত জাহান (দীপা)-কে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (২২ জুলাই) ফরিদপুরের স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. শরীফ উদ্দীন এ রায় ঘোষণা করেন।
আদালতের রায়ে উল্লেখ করা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২০ সালের ৩০ নভেম্বর দায়ের করা মামলায় ইসরাত জাহানকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
তবে একই মামলায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় ওই অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়েছে।
রায়ের পর আদালত জানান, আসামি যেহেতু জামিনে ছিলেন, তাই সাজা পরোয়ানার মাধ্যমে তাঁকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ফৌজদারি কার্যবিধির ৩৫এ ধারা অনুযায়ী, আগে হাজতে কাটানো সময় থাকলে তা সাজা থেকে সমন্বয় করা হবে।
এছাড়া আদালত ইসরাত জাহানের জ্ঞাত আয়বহির্ভূত উৎস থেকে অর্জিত বলে রায়ে উল্লেখ করা এক কোটি ৬৯ লাখ ৪ হাজার ২৭১ টাকা মূল্যের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। এ রায় বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রায়ের অনুলিপি ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :