• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, সাময়িকভাবে বন্ধ করা হলো ইন্টারনেট


FavIcon
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ১১:২১ এএম
দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, সাময়িকভাবে বন্ধ করা হলো ইন্টারনেট

ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে আবারও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যন্তর মন্তরের মূল বিক্ষোভস্থল শান্ত থাকলেও সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্দিষ্ট এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে কিছু বিক্ষোভকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, সংঘর্ষে দুইজন সহকারী পুলিশ কমিশনার, একজন পরিদর্শক, একজন প্রধান কনস্টেবল এবং একজন কনস্টেবলসহ মোট পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ দাবি করেছে, সংসদ মার্গের পার্ক হোটেল এলাকার কাছে কিছু বিক্ষোভকারীর উচ্ছৃঙ্খল আচরণের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তবে বিক্ষোভকারীদের পক্ষ থেকে এ বিষয়ে পৃথক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে আন্দোলনের স্বেচ্ছাসেবকদেরও মাঠে নামানো হয়। তারা লাউডস্পিকারের মাধ্যমে আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যেতে এবং সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানান।

নিরাপত্তাজনিত কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৬টা পর্যন্ত যন্তর মন্তরসংলগ্ন প্রায় দেড় কিলোমিটার এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেয়। এই সময়ের মধ্যে টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা বাস্তবায়নের কথা জানানো হয়।

চলমান আন্দোলন ও নিরাপত্তা পরিস্থিতির কারণে দিল্লির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা অব্যাহত রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসন অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে।


Side banner
Link copied!