ইসরাইলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের খাদ্য সরবরাহ নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে বন্দিদের কম খাবার দেওয়ার বিষয়ে মন্তব্য করতে দেখা যায় তাকে, যা আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার ইস্যুতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ওই ভিডিওতে বেন-গভির বলেন, বন্দিদের অতিরিক্ত সুবিধা দেওয়ার বিরোধিতা করেন তিনি। ভিডিওতে তিনি দাবি করেন, আগে বন্দিরা শারীরিকভাবে সুস্থ অবস্থায় কারাগার থেকে বের হতেন, কিন্তু বর্তমানে তারা ওজন হারিয়ে বের হচ্ছেন এবং এটিই তিনি উপযুক্ত বলে মনে করেন।
তার এ বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। বিভিন্ন মানবাধিকারকর্মী ও পর্যবেক্ষক বন্দিদের প্রতি আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এর আগেও ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে দুর্ব্যবহার এবং গাজা অভিমুখী আন্তর্জাতিক সহায়তাবাহী নৌবহরের কর্মীদের আটক ও হয়রানির অভিযোগে বেন-গভিরের নাম আলোচনায় এসেছিল।
এদিকে মঙ্গলবার এক্সে দেওয়া আরেক পোস্টে বেন-গভির জানান, ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের জন্য অতিরিক্ত ৫০ কোটি শেকেল বরাদ্দ অনুমোদন করেছে সরকার। তার ভাষ্য অনুযায়ী, এ অর্থ দিয়ে আরব সমাজে অপরাধ দমনে বিশেষায়িত একটি ইউনিট গঠন করা হবে।
তবে তার সাম্প্রতিক মন্তব্য নিয়ে ইসরাইল সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের আটক পরিস্থিতি ও তাদের সঙ্গে আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে।
তাদের তথ্যমতে, দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় বিমান হামলায় একজন নিহত এবং দুই শিশু আহত হন। এছাড়া খান ইউনিসে পৃথক আরেকটি হামলায় আরও একজনের মৃত্যু হয়েছে। গাজা সিটির উপকণ্ঠে বাস্তুচ্যুত মানুষের আশ্রয় হিসেবে ব্যবহৃত একটি তাঁবুতে হামলায় একজন নিহত ও অন্তত পাঁচজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।
এসব হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরাইলি সামরিক বাহিনীর কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে চলমান সংঘাতের মধ্যে গাজার বিভিন্ন এলাকায় নিয়মিত বিমান হামলা ও গোলাবর্ষণের ঘটনা অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :