• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

অক্টোবর থেকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ১২:১৬ পিএম
অক্টোবর থেকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা

আগামী অক্টোবর মাস থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুত করা রোডম্যাপ অনুযায়ী আগামী বছরের অক্টোবরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের পুরো প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে এবং একটি সময়ভিত্তিক রোডম্যাপ প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে।

ব্রিফিংয়ে সাম্প্রতিক বিদ্যুৎ বিল নিয়ে ওঠা অভিযোগের প্রসঙ্গও তুলে ধরা হয়। এ বিষয়ে তিনি বলেন, গত জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার বিষয়ে ভোক্তাদের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্য নিরাপত্তা বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণন পর্যায়ে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের বিষয়টি উদ্বেগজনক। এ পরিস্থিতি মোকাবিলায় খাদ্য ব্যবসায়ীদের একটি কেন্দ্রীয় তথ্যভান্ডার তৈরি করা হবে। পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

সাভারে একটি রাজনৈতিক দলের সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বা জনপরিসরে কটূক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, এ ধরনের মন্তব্য দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। তবে বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ী সব ধরনের মন্তব্য ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হয় না। ভবিষ্যতে এ বিষয়ে আইনি কাঠামোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।


Side banner
Link copied!