তুরস্কের কাছে উন্নত সামরিক প্রযুক্তি ও আধুনিক যুদ্ধবিমান বিক্রির বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক এক টেলিফোন আলাপে তিনি এ উদ্বেগের কথা তুলে ধরেন বলে একাধিক মার্কিন ও ইসরায়েলি সূত্র জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু বিশেষভাবে তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান, সংশ্লিষ্ট প্রযুক্তি কিংবা যুদ্ধবিমানের ইঞ্জিন সরবরাহের বিষয়ে সতর্ক অবস্থান নেওয়ার অনুরোধ জানান। তার দাবি, বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।
চলতি সপ্তাহে ন্যাটো সম্মেলনে অংশ নিতে প্রেসিডেন্ট ট্রাম্পের তুরস্ক সফরের সম্ভাবনা রয়েছে। সফরকালে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তার বৈঠকে তুরস্ককে পুনরায় এফ-৩৫ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার বিষয়টি আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০১৯ সালে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্র তুরস্ককে এফ-৩৫ কর্মসূচি থেকে বাদ দেয়। ওয়াশিংটনের মতে, এস-৪০০ ব্যবস্থার উপস্থিতিতে এফ-৩৫-এর সংবেদনশীল প্রযুক্তি ঝুঁকির মুখে পড়তে পারে।
তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, প্রয়োজনীয় আইনগত ও নীতিগত শর্ত পূরণ হলে তুরস্কের বিষয়ে নতুন করে মূল্যায়ন করা হতে পারে।
নেতানিয়াহুর অভিযোগ, তুরস্কের বর্তমান নেতৃত্ব ধারাবাহিকভাবে ইসরায়েলবিরোধী অবস্থান গ্রহণ করছে। তার মতে, এ ধরনের অবস্থানের প্রেক্ষাপটে দেশটির কাছে অত্যাধুনিক মার্কিন সামরিক প্রযুক্তি হস্তান্তর করা উচিত হবে না।
অন্যদিকে, এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, গাজা যুদ্ধ এবং ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার পর থেকে ইসরায়েল ও তুরস্কের সম্পর্ক আরও শীতল হয়ে পড়েছে। সাম্প্রতিক মাসগুলোতে উভয় দেশের শীর্ষ নেতাদের বক্তব্য ও কূটনৈতিক অবস্থান দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন সৃষ্টি করেছে।
আপনার মতামত লিখুন :