• ঢাকা
  • বুধবার, ০১ জুলাই, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

দেশে নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৩:১৬ পিএম
দেশে নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেশে তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

অনুমোদন পাওয়া নতুন তিনটি উপজেলা হলো—চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের পাগলা

নিকারের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে গঠন করা হবে ফটিকছড়ি উত্তর উপজেলা। কুমিল্লার মুরাদনগর উপজেলাকে পুনর্বিন্যাস করে তৈরি হবে বাঙ্গরা উপজেলা। আর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার অধীন আটটি ইউনিয়ন নিয়ে গঠিত হবে পাগলা উপজেলা

এ ছাড়া চট্টগ্রারের হাটহাজারী থানাকে বিভক্ত করে নতুন হালদা থানা প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের প্রশাসনিক সীমানা পুনর্বিন্যাসের সিদ্ধান্তও নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অন্তর্ভুক্ত অংশগুলো প্রশাসনিকভাবে ঢাকা জেলার আওতায় আনা হবে।

বৈঠকে স্থানীয় সরকার, অর্থ, স্বরাষ্ট্র, বাণিজ্য, আইন, সড়ক পরিবহন, গৃহায়ন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন উপজেলা ও থানা কার্যকর করতে প্রয়োজনীয় প্রশাসনিক আদেশ, জনবল, অবকাঠামো এবং অন্যান্য আনুষ্ঠানিক প্রক্রিয়া পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।


Side banner
Link copied!