• ঢাকা
  • রবিবার, ২৮ জুন, ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

প্রস্তাবিত বাজেট নতুন বাংলাদেশ গড়ার সাহসী রূপরেখা: হুইপ বকুল


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০২:০৪ পিএম
প্রস্তাবিত বাজেট নতুন বাংলাদেশ গড়ার সাহসী রূপরেখা: হুইপ বকুল

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে নতুন বাংলাদেশ বিনির্মাণের একটি সাহসী ও ভবিষ্যতমুখী পরিকল্পনা হিসেবে অভিহিত করেছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। তাঁর মতে, এ বাজেট অর্থনীতিকে আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।

আলোচনায় রকিবুল ইসলাম বকুল বলেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ হলেও সরকারের রাজনৈতিক অঙ্গীকার, সঠিক পরিকল্পনা এবং কার্যকর পদক্ষেপের মাধ্যমে তা সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব। বাজেট নিয়ে বিভিন্ন মহলে নানা মতামত থাকলেও তিনি এটিকে দেশের উন্নয়নযাত্রার জন্য একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

তিনি সরকারের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচির প্রশংসা করে বলেন, দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে। ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙা করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি এবং নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন সহায়তামূলক উদ্যোগ দেশের মানুষের মধ্যে নতুন আশাবাদ সৃষ্টি করেছে।

নিজ নির্বাচনী এলাকা খুলনা-৩-এর উন্নয়নের বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী শিল্পাঞ্চলের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নিউজপ্রিন্ট মিল, জুট মিল ও হার্ডবোর্ড মিল পুনরায় চালু করা অথবা সেখানে নতুন অর্থনৈতিক অঞ্চল গড়ে তুললে ২০ থেকে ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এ ছাড়া স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রায় ১০ লাখ মানুষের আবাসস্থল এই এলাকায় এখনো একটি পূর্ণাঙ্গ হাসপাতালের অভাব রয়েছে। দ্রুত খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন, একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও একটি মহিলা ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি বিভাগীয় স্টেডিয়ামের উন্নয়নেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।


Side banner
Link copied!