• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের নিলাম শেডে অগ্নিকাণ্ড, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন


FavIcon
চট্টগ্রাম প্রতিনিধি :
প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০১:২৪ পিএম
চট্টগ্রাম বন্দরের নিলাম শেডে অগ্নিকাণ্ড, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

চট্টগ্রাম বন্দরের অকশন (নিলাম) শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে বন্দরের স্টেডিয়ামসংলগ্ন অকশন শেডে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সকাল ৮টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়ার পর তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় সকাল ৯টা ৪৯ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে আনার পর সদস্যরা কুলিং কার্যক্রম পরিচালনা করেন, যাতে পুনরায় আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি না থাকে। একই সঙ্গে অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।


Side banner
Link copied!