• ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

টাঙ্গাইলে পরিত্যক্ত সেফটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০৪:২৪ পিএম
টাঙ্গাইলে পরিত্যক্ত সেফটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত সেফটিক ট্যাংকে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার অরণখোলা ইউনিয়নের টেলকি জলই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গ্রাব্রিয়েল নকরেক (৪৫), রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫) এবং নেইমার ম্রং (১০)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ছাগল পরিত্যক্ত সেফটিক ট্যাংকের ভেতরে পড়ে যায়। সেটিকে উদ্ধার করতে প্রথমে গ্রাব্রিয়েল নকরেক ট্যাংকের ভেতরে নামেন। কিছুক্ষণ পরও তিনি বাইরে না আসায় তাকে উদ্ধারের জন্য পর্যায়ক্রমে আরও তিনজন ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। কিন্তু তারাও আর বের হয়ে আসতে পারেননি।

খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে ট্যাংকের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর হক জানান, পরিত্যক্ত সেফটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 


Side banner
Link copied!