• ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

সাংবাদিক রেজানুর ইসলামকে গ্রেপ্তার: উদ্বেগ জানাল সম্পাদক পরিষদ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০৪:৪৭ পিএম
সাংবাদিক রেজানুর ইসলামকে গ্রেপ্তার: উদ্বেগ জানাল সম্পাদক পরিষদ

বগুড়ায় একটি সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দায়ের করা মামলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে পরিষদের সভাপতি নুরুল কবীর এবং সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ বলেন, সংবাদ প্রকাশের কারণে একজন সাংবাদিককে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা এবং মতপ্রকাশের সাংবিধানিক অধিকারের জন্য উদ্বেগজনক।

বিবৃতিতে বলা হয়, বিএনপির নির্বাচনী ইশতেহার এবং রাষ্ট্র সংস্কারবিষয়ক ৩১ দফা কর্মসূচিতে গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার যে অঙ্গীকার করা হয়েছে, সাংবাদিককে গ্রেপ্তারের ঘটনা তার সঙ্গে সাংঘর্ষিক।

সম্পাদক পরিষদ মনে করে, কোনো সংবাদ বা প্রতিবেদনের বিষয়ে আপত্তি থাকলে তার প্রতিকারের জন্য দেশে আইনসম্মত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি চাইলে প্রেস কাউন্সিলে অভিযোগ করতে পারেন অথবা প্রচলিত আইনের আওতায় আদালতের শরণাপন্ন হতে পারেন। সংবাদ প্রকাশের জেরে সরাসরি ফৌজদারি মামলা ও গ্রেপ্তারকে তারা সমাধানের উপযুক্ত পথ হিসেবে দেখছেন না।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অতীতেও সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও হয়রানির ঘটনা ঘটেছে। বর্তমান ঘটনাও সেই উদ্বেগজনক প্রবণতার পুনরাবৃত্তি বলে মনে করছে সম্পাদক পরিষদ।

তাদের মতে, এ ধরনের পদক্ষেপ স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে সংকুচিত করে এবং গণমাধ্যমকর্মীদের মধ্যে ভীতি সৃষ্টি করতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কেও নেতিবাচক বার্তা যেতে পারে।

সম্পাদক পরিষদ অবিলম্বে সাংবাদিক মো. রেজানুর ইসলামের মুক্তির দাবি জানিয়ে বলেছে, সংবাদসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে বিদ্যমান আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো, বিশেষ করে প্রেস কাউন্সিলের কার্যকর ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের পরিবর্তে আইনের স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।


Side banner
Link copied!