বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে রেফারিংয়ের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)-র কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে আলজেরিয়া ফুটবল ফেডারেশন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার (১৯ জুন) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, ফিফার রেফারিং কমিশনের কাছে পাঠানো অভিযোগপত্রে প্রথমার্ধের একটি বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে আপত্তি জানানো হয়েছে। আলজেরিয়ার দাবি, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির পায়ের পেছনে বুট দিয়ে আঘাত করলেও রেফারি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি। এমনকি ঘটনাটি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির মাধ্যমে পুনরায় পর্যালোচনাও করা হয়নি।
ম্যাচে মেসি পূর্ণ সময় খেলেন এবং হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দেন। এর মধ্য দিয়ে তিনি বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকের কৃতিত্ব অর্জন করেন।
অভিযোগপত্রে দ্বিতীয়ার্ধের আরেকটি ঘটনাও উল্লেখ করেছে আলজেরিয়া। তাদের দাবি, আর্জেন্টিনার মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার কনুই দিয়ে ইবরাহিম মাজাকে আঘাত করলেও সেটিও রেফারির নজর এড়িয়ে যায় এবং কোনো শাস্তি দেওয়া হয়নি।
কানসাস সিটিতে অনুষ্ঠিত গ্রুপ ‘জে’-এর ম্যাচটি পরিচালনা করেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সিমন মারচিনিয়াক। ভিএআর দায়িত্বেও ছিলেন তারই স্বদেশী তোমাশ কফিয়াতকভস্কি। আলজেরিয়ার অভিযোগে মাঠের রেফারির পাশাপাশি ভিএআর দলের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
মেসির ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেক ফুটবল সমর্থক প্রশ্ন তোলেন, ঘটনাটি অন্য কোনো খেলোয়াড়ের ক্ষেত্রে ঘটলে সিদ্ধান্ত ভিন্ন হতে পারত কি না।
এ প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হুগো ব্রুসও প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, মেক্সিকোর বিপক্ষে তার দলের মিডফিল্ডার থেম্বা জোয়ানে লাল কার্ড দেখে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেলেও মেসির ঘটনায় একই ধরনের কঠোরতা দেখা যায়নি।
হুগো ব্রুস বলেন, তার খেলোয়াড়ের ঘটনায় দেওয়া শাস্তি অত্যন্ত কঠোর ছিল। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, মেসির মতো বিশ্বমানের ফুটবলারকে মাঠে দেখতে সবাই চায়, তবে একই ধরনের ঘটনায় সবার ক্ষেত্রে সমান নিয়ম প্রয়োগ হওয়াই ফুটবলের স্বার্থে গুরুত্বপূর্ণ।
আগামী সোমবার (২২ জুন) ডালাসে বিশ্বকাপের গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রিয়ার মুখোমুখি হবে। একই দিনে সান ফ্রান্সিসকোতে আলজেরিয়া খেলবে জর্ডানের বিপক্ষে।
আপনার মতামত লিখুন :