আয়ারল্যান্ডকে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা নিশ্চিত করেছে আফগানিস্তান। আফগানদের এই জয়ের ফলে বাংলাদেশেরও বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের পথ চূড়ান্ত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বেলফাস্টে অনুষ্ঠিত ম্যাচে আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করে ২০৬ রান সংগ্রহ করে। জবাবে ৪৪.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান। ফলে ম্যাচটি ৩ উইকেটে জিতে সিরিজেও এগিয়ে যায় তারা।
বিশ্বকাপের সরাসরি যোগ্যতার হিসাব অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের র্যাঙ্কিং কাট-অফের মধ্যে শীর্ষ আট দলের বিশ্বকাপে জায়গা নিশ্চিত হওয়ার কথা। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা শীর্ষ আটের মধ্যে থাকায় র্যাঙ্কিংয়ের নবম দলও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আফগানিস্তানের জয় সেই সমীকরণে বাংলাদেশের অবস্থানও নিরাপদ করে দিয়েছে।
বাংলাদেশের সঙ্গে সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা দলগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়।
অন্যদিকে সরাসরি জায়গা নিশ্চিত করতে না পারায় ওয়েস্ট ইন্ডিজকে আবারও বাছাইপর্বের পথ পাড়ি দিতে হবে। র্যাঙ্কিংয়ে দশম অবস্থানে থাকা দলটির সামনে কাট-অফের আগে আরও ম্যাচ থাকলেও বাংলাদেশকে টপকে সরাসরি যোগ্যতা অর্জনের সুযোগ আর নেই। ফলে টানা তৃতীয়বারের মতো বাছাইপর্বে খেলতে হবে ক্যারিবীয় দলটিকে।
আফগানিস্তান-আয়ারল্যান্ডের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি ৫ আগস্ট শুরু হয়েছে এবং ১০ আগস্ট তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়। সিরিজের বাকি ম্যাচগুলোও বিশ্বকাপের যোগ্যতা ও র্যাঙ্কিংয়ের হিসাবের কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
আপনার মতামত লিখুন :