• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ, সংসদে উঠছে নতুন বিল


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ১২:৫৯ পিএম
মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ, সংসদে উঠছে নতুন বিল

মাদক নিয়ন্ত্রণ আইন আধুনিকায়নের লক্ষ্যে বিদ্যমান আইনে সংশোধন আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, প্রয়োজনীয় সংশোধন শেষে আইনটি শিগগিরই জাতীয় সংসদে উত্থাপন করা হবে। একই সঙ্গে মাদক-সংক্রান্ত মামলার জট দ্রুত নিষ্পত্তির জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনাও রয়েছে সরকারের।

বৃহস্পতিবার (২৫ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকাসক্তির সঙ্গে সম্পৃক্ত। এই পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকাসহ তিনটি বিভাগীয় শহরে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য নিরাময় কেন্দ্রের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বেসরকারি পর্যায়ে পরিচালিত মাদক নিরাময় কেন্দ্রগুলোর সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন ধরনের সহায়তা অব্যাহত রেখেছে। চলতি বছর মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে কাজ করা ৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে মোট ১ কোটি ৪০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

আইন সংশোধনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন ব্যবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও কার্যকর করতে প্রয়োজনীয় কিছু সুযোগ-সুবিধা যুক্ত করা হবে। এর মধ্যে অভিযুক্তদের আদালতে বা থানায় হস্তান্তরের আগ পর্যন্ত রাখার জন্য হাজতখানার ব্যবস্থা উন্নত করা এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় সরঞ্জাম ও অবকাঠামো সম্প্রসারণের বিষয়ও বিবেচনায় রয়েছে।

সরকারের আশা, আইন সংশোধন, বিচারিক কাঠামোর উন্নয়ন এবং চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও কার্যকর হবে।


Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!